চাঁপাইনবাবগঞ্জে কলেজের শহীদ মিনার চত্বর থেকে ৫টি ককটেল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার চত্বর থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ মার্চ) বিকেলে ককটেলগুলো উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান।
সংশ্লিষ্টসূত্রে জানা গেছে, বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের কাছে ঝোপের ভিতরে একটি শপিং ব্যাগে ককটেল-সদৃশ বস্তু দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে ককটেলগুলো উদ্ধার করে।
ওসি মতিউর রহমান জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বিকেল ৪টার কলেজের শহীদ মিনারের পেছন থেকে একটি ব্যাগে থাকা পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। এগুলো উদ্ধার করে নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা ককটেলগুলো রেখে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































